নিজস্ব প্রতিবেদক, ঢাকা: সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. হারুনুর রশিদকে লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদান করেছেন লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের প্রেসিডেন্ট ও লিও ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেন সিটির উপদেষ্টা আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ।
গতকাল ১২ নভেম্বর ২০২৬, বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে এক সৌজন্য সাক্ষাৎকালে তিনি মো. হারুনুর রশিদের হাতে এ সার্টিফিকেট তুলে দেন। এ সময় লায়ন্স ইন্টারন্যাশনালের মানবসেবা, সামাজিক দায়বদ্ধতা, নেতৃত্বের বিকাশ এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সাক্ষাৎকালে লায়ন খান আকতারুজ্জামান লায়ন্স ক্লাবের বিভিন্ন সেবামূলক কার্যক্রম ও সমাজের অসহায়, সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া মানুষের কল্যাণে সংগঠনটির ভূমিকা সম্পর্কে অবহিত করেন। তিনি বলেন, মানবতার সেবা, মানুষের পাশে দাঁড়ানো এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনাই লায়ন্স ক্লাবের অন্যতম মূল লক্ষ্য। এ ধরনের কার্যক্রমে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, পেশাজীবী ও সমাজের সচেতন ব্যক্তিদের সম্মিলিত অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
লায়ন্স ইন্টারন্যাশনাল সার্টিফিকেট প্রদানকে পারস্পরিক সৌহার্দ্য, সম্মান ও মানবসেবামূলক মূল্যবোধের স্বীকৃতির একটি অংশ হিসেবে উল্লেখ করা হয়। এ সময় ভবিষ্যতেও মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান এমজেএফ ২০২৬–২০২৭ লায়ন বর্ষে লায়ন্স ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫-বি৩-এর চেয়ার সিটিং কমিটির চেয়ারম্যান এবং জিইটি (গ্লোবাল এক্সটেনশন টিম) কো-অর্ডিনেটর হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলা একাডেমির আজীবন সদস্য এবং বৃহত্তর খুলনা সমিতি, ঢাকার দপ্তর সম্পাদক। এ ছাড়া তিনি বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও সেবামূলক প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে চলেছেন।
Leave a Reply